যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের মামলায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের মামলায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : October 21, 2026

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় সোহাগ ফকির (৩৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

 

সিআইডি সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহাগ ফকির আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি এলাকার ২ নম্বর ওয়ার্ডে।

 

মামলার তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করে সিআইডির একটি দল। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়। মামলাটি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৫০-এর ৪, ৫ ও ৯(ক) ধারায় দায়ের করা হয়েছে।

Share This