রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা লুট হওয়ার কথা জানিয়েছেন দোকানের মালিক।
সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতের দিকে দোকানের শাটার ও কেচি গেট ভেঙে এই চুরির ঘটনা ঘটে।
দোকানে থাকা সিসি ফুটেজে দেখা যায়, কেচি গেট ও শাটারের তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে চোরচক্রের একাধিক সদস্য। যাদের সবাই মুখোশ পরিহিত ছিল। এ সময় দোকানের স্বর্ণ, রুপা এমনকি সিন্দুকটাও নিয়ে যায় তারা। পরে পিকআপ ভ্যানে করে মালামালসহ ভোরের আলো ফোটার আগেই পালিয়ে যায় চক্রটি।
এরই মধ্যে এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। সিসি ফুটেজ ও চোরদের গতিবিধি পর্যালোচনা করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।