ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : May 04, 2026

সম্মিলিত চেষ্টায় স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সোমবার (৪ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তরে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের প্রথম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে সারা দেশ থেকে বাছাই করা ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জনকে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়।

সকাল ১০টায় ফায়ার সার্ভিস মহাপরিচালক দরবার গ্রহণের প্রাক্কালে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স দিবস উপলক্ষ্যে পৃথিবীর সকল ফায়ার ফাইটারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন।

তিনি ১ মে থেকে দেশব্যাপী চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত বিষয়ে সকলকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান। একই সাথে বিগত নিয়োগের ন্যায় আসন্ন নিয়োগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

Share This