ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়েছে সরকার। তার স্থলে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২’ (রাষ্ট্রপতির আদেশ নং ১২৭, ১৯৭২)–এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মোস্তাকুর রহমানের জন্ম ১২ মে ১৯৬৬। তিনি একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে পেশাগত জীবনে ৩৩ বছরের বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে বাণিজ্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের শীর্ষ শিল্প ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, রিয়েল এস্টেট ও হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে ভূমিকা রেখেছেন।