চীন ও পাকিস্তানের সঙ্গে জোট করছে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

চীন ও পাকিস্তানের সঙ্গে জোট করছে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : June 27, 2025

সম্প্রতি কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা কোনো জোট গঠন করছি না। মূলত উদ্যোগ চীনের, এটি কর্মকর্তা পর্যায়ে, কোনো রাজনৈতিক পর্যায়ে নয়। সেখানে (কুনমিংয়ে) একটি প্রদর্শনী হচ্ছিল। তখন সেখানে তিন দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা হয়েছে। আলাপ-আলোচনা পুরোটাই ছিল কানেক্টিভিটি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, এ ধরনের বিষয় নিয়ে। সেখানে জোট গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এটি নিতান্তই বাস্তব সুযোগ-সুবিধা সৃষ্টির ব্যাপার। বিষয়টিকে এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়।

 

বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চীন দাবি করছে—‘ত্রিপক্ষীয় সহযোগিতা’ এবং পাকিস্তান দাবি করেছে—‘ত্রিপক্ষীয় মেকানিজম’। বাংলাদেশ দুটোই অস্বীকার করে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন—আসলে কোনোটাই অস্বীকার করার প্রয়োজন নেই। এর থেকে বোঝা যায়, এটি কোনো কাঠামোগত বিষয় ছিল না। প্রত্যেকেই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখেছে। আমরাও সেটিই করেছি। ভবিষ্যতে যদি কোনো অগ্রগতি হয়, তখন আপনারা জানতে পারবেন। যদি কাঠামোগতভাবে কিছু হয়, তাও সময় মতো জানানো হবে।

বৈঠকটি ভারতবিরোধী ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন—আমরা অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছি না। অন্য কোনো দেশ যদি এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক করতে চায়, তাতে কোনো সমস্যা দেখছি না। ধরুন, তাত্ত্বিকভাবে ভারত যদি চায়, নেপাল, বাংলাদেশ ও ভারত একসঙ্গে বসুক, কানেক্টিভিটি বা অন্য কিছু নিয়ে। এটা করতে আমি কালকেই রাজি আছি।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। আলোচনা হচ্ছে মূলত দেশ তিনটির নামের কারণে। এছাড়া বাকি বিষয় নিয়ে জল্পনার কোনো সুযোগ নেই।

Share This