অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান ও অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা’র ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার হিসেবে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সিআইডি সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে সিআইডির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বিদায়ী প্রধানের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে সিআইডি সদর দপ্তরের কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জেলা ইউনিটের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ একজন দক্ষ, মানবিক ও প্রযুক্তিবান্ধব পুলিশ কর্মকর্তা। তার নেতৃত্বে সিআইডির কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের কাছে তিনি একজন অনুপ্রেরণাদায়ী অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন বলেও উল্লেখ করেন তারা।
উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০২৬ তারিখে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে সম্প্রতি তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে সরকারের বদলির আদেশ পান।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী মোসলেহ্ উদ্দিন আহমদ তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন। সিআইডিতে যোগদানের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডিএমপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন।
আন্তর্জাতিক পর্যায়েও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের African Union-United Nations Hybrid Operation in Darfur (UNAMID)-এ পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন তার কর্মজীবনে বিশেষ মাত্রা যোগ করেছে।
শিক্ষাগত জীবনে তিনি অপারেশন ম্যানেজমেন্ট বিষয়ে MBA এবং Applied Criminology and Police Management বিষয়ে MACPM ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানের শেষে সিআইডির পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। এসময় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।