আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের একটি বড় অংশ উল্লেখযোগ্য আর্থিক দায়-দায়িত্ব বহন করছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রায় সাড়ে ২৫ শতাংশ ঋণগ্রস্ত। তাদের মোট ঋণ ও দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত ‘নির্বাচনে হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন–২০২৬’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে টিআইবি।
সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, সাম্প্রতিক পাঁচটি জাতীয় নির্বাচনের তুলনায় এবার ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা কম হলেও মোট ঋণের অঙ্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি নির্বাচনে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২২ দশমিক ৬৬ শতাংশ। আগের নির্বাচনে এই সংখ্যা ছিল ৭৪০ জন, যা মোট প্রার্থীর ৩১ দশমিক ৬৪ শতাংশ।
এদিকে, এবারের নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯১ জন। প্রার্থীদের হলফনামায় উল্লেখিত স্থাবর ও অস্থাবর সম্পদের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। এর মধ্যে ২৭ জন প্রার্থী শত কোটির বেশি সম্পদের মালিক বলে জানিয়েছে টিআইবি।
টিআইবির প্রতিবেদনে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রার্থীদের আর্থিক তথ্য যাচাই ও পর্যবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।