নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : July 12, 2026

নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন, সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান নৌপ্রধানের বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এবারের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।

উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে একটি সবুজ, জলবায়ু-সহনশীল এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশব্যাপী সকল নৌঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ কার্যক্রম পরিচালনা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফল করতে নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বাংলাদেশ নৌবাহিনীর এ উদ্যোগ সরকারের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গৃহীত জাতীয় কর্মসূচিকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।

Share This