জাপানে বৈধ কর্মসংস্থানে আনসার-অ্যাডসেকের যৌথ উদ্যোগ

জাপানে বৈধ কর্মসংস্থানে আনসার-অ্যাডসেকের যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : July 22, 2026

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য জাপানের শ্রমবাজারে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অ্যাডসেক গ্রুপের সঙ্গে সহযোগিতা আরও জোরদার হচ্ছে। এ লক্ষ্যে জাপানি ভাষা প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে জাপানভিত্তিক অ্যাডসেক গ্রুপের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসায়া কোইজুমি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ আনসার বাহিনী ও অ্যাডসেক গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে বাহিনীর উদ্যোগে দেশের ১৩টি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ৯০ দিনব্যাপী নারী গ্রাম প্রতিরক্ষা সদস্যদের জাপানি ভাষার প্রাথমিক স্তরের (এন-৫) প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রশিক্ষণ শেষে তাদের জাপানে সম্ভাব্য কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দক্ষ জনশক্তি তৈরি, ভাষাগত সক্ষমতা বৃদ্ধি এবং জাপানের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

পরে হিসায়া কোইজুমি অনলাইন বৈঠক প্ল্যাটফর্ম ‘জুম’-এর মাধ্যমে প্রশিক্ষণরত ৫২০ জন নারী গ্রাম প্রতিরক্ষা সদস্যের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের জাপানি ভাষা শেখার অগ্রগতি, আগ্রহ এবং আন্তর্জাতিক কর্মপরিবেশে নিজেদের প্রস্তুত করার প্রচেষ্টার প্রশংসা করেন।

 

তিনি বলেন, এ প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের জাপানের শ্রমবাজারে দক্ষ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে জাপান ফাউন্ডেশনের ভাষা শিক্ষাবিষয়ক উপদেষ্টা তাকেও উজাওয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাপানি ভাষার মধ্যবর্তী স্তরের (এন-৪) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রশিক্ষণের মান, পাঠদান পদ্ধতি এবং প্রশিক্ষণার্থীদের ভাষাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। সংশ্লিষ্টরা এটিকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন।

অ্যাডসেক গ্রুপ জাপানের একটি সুপ্রতিষ্ঠিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা বৈধ অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক কর্মী নিয়োগ, জাপানি ভাষা শিক্ষা এবং দক্ষ জনশক্তির কর্মসংস্থান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে।

প্রতিষ্ঠানটির বাংলাদেশি সহযোগী প্রতিষ্ঠান এম/এস ইশরাক ওভারসিজ (আরএল নম্বর-২৩৮৮) টোকিওতে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার পক্ষ থেকে ‘কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানের উৎকর্ষ সম্মাননা’ লাভ করেছে। জাপান ও বাংলাদেশের মধ্যে নির্ধারিত দক্ষ কর্মী কর্মসূচি এবং কারিগরি প্রশিক্ষণার্থী কর্মসূচির আওতায় স্বচ্ছ, নৈতিক ও দক্ষ জনশক্তি প্রেরণ, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রম সহযোগিতায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং অ্যাডসেক গ্রুপের এই অংশীদারিত্বের মাধ্যমে জাপানি ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের জন্য জাপানে বৈধ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এ উদ্যোগ দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির সুনাম আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This