রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, বিপিএম।
সোমবার (১২ মে) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, ডিএমপির নতুন কমিশনার নিয়োগে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বিসিএস ১৫তম ব্যাচের অতিরিক্ত আইজিপিদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মোসলেহ উদ্দিন আহমেদকে চূড়ান্ত করেছেন। সোমবার বিকেলেই এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।
যদিও মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে, তবে সিআইডির নতুন প্রধান হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। মঙ্গলবার সকালেই নতুন ডিএমপি কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি শূন্য রয়েছে। বর্তমানে অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই ডিএমপির নতুন কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে নানা আলোচনা চলছিল।
মোসলেহ উদ্দিন আহমেদ পুলিশের ১৫তম ব্যাচের বর্তমানে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা এবং অতিরিক্ত আইজিপি পদে কর্মরত আছেন। বর্তমান আইজিপি আলী হোসেন ফকিরও একই ব্যাচের কর্মকর্তা।
বর্তমানে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মোসলেহ উদ্দিন আহমেদ এর আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ বিভাগে একজন সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত মোসলেহ উদ্দিন আহমেদ বিগত সরকারের সময়ে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন। পরে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তাকে প্রথমে ডিআইজি এবং পরে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়।