মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) ট্রুথ সোশ্যালে তিনি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তুলে ধরেননি তিনি। এর মধ্য দিয়ে নির্বাচনের ফল মেনে নেওয়ার বিষয়ে কয়েক দিন আগে দেওয়া বক্তব্য থেকেও সরে এলেন ট্রাম্প।
ট্রাম্প লিখেছেন, ‘কেউ কি সত্যিই বিশ্বাস করে যে এই নির্বাচন সুষ্ঠু ছিল? জনমত জরিপগুলো এত ভুল হলো কিভাবে?’ তার অভিযোগ, ভোটারদের চেয়ে ভোট গণনার যন্ত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
গত সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে বড় ব্যবধানে হেরেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
প্রায় দুই দশকের মধ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পাশাপাশি সিনেটের নিয়ন্ত্রণও পেয়েছে দলটি। নির্বাচনের পর প্রথম দিকে পরাজয় নিয়ে আপত্তি তোলেননি ট্রাম্প। বরং প্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন জানিয়ে তাদের প্রচারণার প্রশংসা করেন। নির্বাচনের রাতে নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ফলাফল মেনে নিতে তিনি পুরোপুরি প্রস্তুত।
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন। পরে ফক্স নিউজকে বলেন, ডেমোক্র্যাটরা ভালো প্রচারণা চালিয়েছে।
তবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আলাস্কার অমীমাংসিত সিনেট নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেখানে দুই প্রার্থীকে দেওয়া ভোট রিপাবলিকান প্রার্থী ড্যান সালিভানের পক্ষে গণনার দাবি জানান তিনি। ট্রাম্পের মতে, এভাবে ভোট গণনা করলেই ন্যায্য ফল পাওয়া সম্ভব।অথচ আলাস্কায় ভোটারদের পছন্দ অনুযায়ী ভোট গণনার আলাদা নিয়ম রয়েছে।
সোমবারের বক্তব্যে অবশ্য শুধু আলাস্কা নয়, পুরো দেশের নির্বাচন নিয়েই সন্দেহ প্রকাশ করেন তিনি। এর মাধ্যমে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগও আবার সামনে আনলেন ট্রাম্প। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। তার সেই অবস্থানকে কেন্দ্র করে একাধিক আইনি লড়াই হয়।
নির্বাচন নিয়ে ট্রাম্পের নতুন অভিযোগের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার বলেন, ট্রাম্প আবারও নির্বাচন অস্বীকারের পুরোনো অবস্থানে ফিরে গেছেন। তার মতে, ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকানদের ব্যর্থতার কারণেই কংগ্রেসে ডেমোক্র্যাটরা বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
তবে নির্বাচনে কারচুপির অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি ট্রাম্প। কোন ভোটযন্ত্রে সমস্যা হয়েছে, কোন ব্যালট ভুলভাবে গণনা করা হয়েছে, সে বিষয়েও কিছু জানাননি তিনি। অন্যদিকে, দেশজুড়ে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে।
এর আগে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ব্যালটে নিজের নাম না থাকাকে দায়ী করেছিলেন ট্রাম্প। যদিও প্রচারণার সময় তিনি সমর্থকদের এমনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, যেন নিজেই নির্বাচনে প্রার্থী। ইরানের সঙ্গে যুদ্ধ এবং এর ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়াকেও দলের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে স্বীকার করেছেন তিনি।
আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্ত এবং তার আইন প্রণয়নের উদ্যোগে বাধা দেওয়ার সুযোগ পাবে। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ভেটো ক্ষমতা ও নির্বাহী ক্ষমতা বহাল থাকবে।